খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পানছড়ির লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার পানছড়ি উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহতরা হলেন বিজিবির নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক, ডেইজি আক্তার (৩৫) ও আখি আক্তার (১৭)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সাথে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার অতিরিক্ত গতির কারণে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়।
আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে বিজিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারা শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুজন পানছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। এদিকে দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
