বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে আমির হামজার ওয়াজ মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম জড়িয়ে অপপ্রচার

প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহেশপুরে আমির হামজার ওয়াজ মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম জড়িয়ে অপপ্রচার

মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে বিতর্কিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলের প্রচারপত্র, ব্যানার ও পোস্টারে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নাম জোরপূর্বক ব্যবহারের অভিযোগ উঠেছে।

আয়োজক কমিটির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও দলীয় নেতাদের নাম জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে তীব্র অসন্তোষ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৪ নভেম্বর মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর বহুমুখী বিদ্যালয় মাঠে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১ নম্বর এস.বি.কে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আয়োজক কমিটি বিভিন্ন মতাদর্শের হলেও আমাদের সম্পূর্ণ অজান্তে এবং কোনো ধরনের অনুমতি ছাড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিএনপি নেতাদের নাম ব্যানার ও পোস্টারে জুড়ে দিয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

এস.বি.কে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, দলের কোনো নেতার সঙ্গে আলোচনা না করে এ ধরনের মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম ব্যবহার করায় এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে চরম বিভ্রান্তি এবং অসন্তোষ বিরাজ করছে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে পোস্টার, ব্যানার ও প্রচারপত্র থেকে বিএনপির সকল নেতার নাম ও ছবি প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং এ ধরনের অপপ্রচার রোধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান খান বাবু, সহ-সভাপতি আমেদুল ইসলাম মাস্টার, সহ-সাধারণ সম্পাদক আসলাম পারভেজ, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাহিদ শিমুল, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সবুজসহ স্থানীয় বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতারা তাঁদের অজান্তে নাম ব্যবহার করে প্রচার-প্রচারণা চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা