শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা বাইপাইল আন্ডারপাসে ককটেলসদৃশ ৫ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

বাইপাইল আন্ডারপাসে ককটেলসদৃশ ৫ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে পলিথিনে মোড়ানো চার থেকে পাঁচটি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে পথচারীদের নজরে আসা এসব বস্তু ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্ডারপাসটি ঘিরে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্ডারপাসের ভেতরে পড়ে থাকা পলিথিনে মোড়ানো বস্তুগুলোর গায়ে লাল ও কালো রঙের টেপ লাগানো ছিল। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হচ্ছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম রাত ৮টা ৪৫ মিনিটে গণমাধ্যমকে জানান, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুগুলোর প্রকৃত পরিচয় জানা যাবে।

রাত ১০টা ২৬ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। এ সময় পর্যন্ত কোনো বিস্ফোরণ কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা পাওয়া যায়নি।

নিরাপত্তার স্বার্থে বাইপাইল আন্ডারপাস দিয়ে সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়। পথচারীদের বিকল্প নিরাপদ স্থান দিয়ে সড়ক পারাপারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাইপাইল মোড় দিয়ে চলাচলকারী যানবাহনকে পুলিশের নির্দেশনা অনুসরণ করতে হচ্ছে।

এ ঘটনায় রাত পর্যন্ত ঢাকা জেলা পুলিশ কিংবা আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক ব্রিফিং পাওয়া যায়নি। বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এবং পুলিশের পরবর্তী বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা