মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে ১৮ মামলার আসামি ‘বাবুল ডাকাত’ গ্রেপ্তার

বিজয়নগরে ১৮ মামলার আসামি ‘বাবুল ডাকাত’ গ্রেপ্তার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মো. কেফাইতুল ভুঁইয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার বাবুল মিয়া ওরফে ‘বাবুল ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি, অপহরণ ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চম্পকনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল মিয়া উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ জানায়, বাবুল মিয়ার বিরুদ্ধে আদালতে বিচারাধীন ১৮টি মামলার মধ্যে ৮টি ডাকাতি, একটি হত্যা, ৪টি চুরি, একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন এবং মারামারির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

পুলিশের দাবি, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অপরাধে ১৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা