সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মো.কেফাইতুল ভুঁইয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ মো. মোহন মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

গ্রেপ্তার মোহন মিয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া সাকিনের একটি পাকা সড়কে কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআরবি-৯-এর একটি দল। এ সময় মোহন মিয়াকে আটক করা সম্ভব হলেও অভিযানের উপস্থিতি টের পেয়ে আরও ২-৩ জন পালিয়ে যায়।

পরে গ্রেপ্তারকৃত মোহন মিয়াকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ছয়টি পাটের বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ ও গোলাপি রঙের পলিথিন দিয়ে মোড়ানো মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকদ্রব্যসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা