রূপগঞ্জ থেকে মাসুদ করিম : ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এক সভায় তারাবো পৌর মিলনায়তনে বলেন, সরকারি কোনো সম্পত্তির এক পারসেন্টও ছাড় দেয়া হবে না। বিগত দিনে দখলকৃত সম্পত্তি সরকারের কোষাগারে জমা হবে।
যারা সরকারি জমি দখল করে রেখেছে, তাদের কাছ থেকে সকল সম্পত্তি পুনরুদ্ধার করা হবে।
সভার একপর্যায়ে পৌর অডিটোরিয়ামে উপস্থিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগার উপকরণ, নারী উদ্যোক্তাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ, পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন বিএনপি সরকার রাতের ভোটের সরকার নয়, এ সরকার গণতান্ত্রিক সরকার। তারেক রহমানের সরকার ১৮ কোটি মানুষের নির্বাচিত সরকার। অতএব সারা বাংলাদেশের পাশাপাশি রূপগঞ্জের যেখানেই সরকারি জমি দখলে রাখা হয়েছে তা পুনরুদ্ধার করা হবে। সরকারি জমি উদ্ধারের ব্যাপারে কোন ছাড় নয়।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, আজকে রূপগঞ্জের মানুষ ভূমিহীন হয়ে পড়ছে। তাদের ঠকানোর চেষ্টা হচ্ছে। নিরীহ এসব মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করতে হবে। আজকে ছেলেমেয়েদের খেলাধুলার মাঠ নেই। ঐসব সরকারি জমি উদ্ধার করে খেলাধুলার জন্য মাঠ তৈরি করার দাবি জানান তিনি।
তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ রূপগঞ্জ থানা ও তারাবো পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
