মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা ডিএমআরসি ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একাদশে ভর্তিতে উৎসবমুখর কলেজ ক্যাম্পাস

ডিএমআরসি ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একাদশে ভর্তিতে উৎসবমুখর কলেজ ক্যাম্পাস

স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত ২০ সেপ্টেম্বর থেকে কলেজগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। মঙ্গলবার দ্বিতীয় দিনে ভর্তি চলছে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের। ভর্তি হতে পারছে বিজ্ঞান বিভাগের অবশিষ্টরাও। অনেক আগ্রহে ভর্তিচ্ছুদের সঙ্গী হয়েছেন তাদের অভিভাবকরা। কলেজ শাখার সম্মানিত ইনচার্জ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন ও অন্যান্য শিক্ষকরা ভর্তি কার্যক্রম পরিদর্শন করছেন, প্রয়োজনে ভর্তি বুথে দায়িত্বরত শিক্ষকদের পরামর্শও দিচ্ছেন। সবমিলিয়ে চলছে নবীনদের ভর্তি উৎসব। একইভাবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তাদের সার্বিকভাবে সহযোগীঢতা করছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষার্থীরা। ইতোমধ্যে নবীনদের আগমনে কলেজ প্রাঙ্গণে বিরাজ করে আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবের আমেজ। তাদের স্বপ্নযাত্রার নতুন এই অধ্যায়কে স্বাগত জানিয়ে সাফল্য ও সম্ভাবনায় সমৃদ্ধ প্রত্যাশা ব্যক্ত করছেন পুরাতন শিক্ষার্থীরা।

নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মাহবুবুর রহমান মোল্লা বলেছেন, তিনি একটি “শিক্ষা অর্জনের ফ্যাক্টরি” তৈরি করেছেন, যেখান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষা ও জ্ঞান অর্জন করে নিজেদের জীবনকে আলোকিত করতে পারবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, সমাজ, দেশ ও দেশের মানুষকে আলোকিত করার লক্ষ্যেই তিনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জন্য বড় হওয়ার পাশাপাশি দেশ গঠনে অভিনব ভূমিকা রাখতে হবে। বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহারে শিক্ষার্থীদের সচেতন থাকার এবং শিক্ষক-অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন। নবাগত শিক্ষার্থীদের আগামীর সাফাল্য কামনা করেন তিনি। একইসঙ্গে প্রত্যেক অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন শিক্ষা গড়ার এই কারিগর।

প্রসঙ্গত, মাইগ্রেশনের ফল প্রকাশের পর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত এ কার্যক্রম চলে। নির্বাচিত শিক্ষার্থীদের সশরীরে কলেজে গিয়ে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর দিতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফলাফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হয়। ফলাফল পোর্টালে প্রকাশের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীদের জানানো হয়েছে। শিক্ষার্থীরা নির্বাচন ও মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ পোর্টালে লগইন করে ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া কলেজগুলোও আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ১০ সেপ্টেম্বর। তবে যারা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে ফলাফল পরিবর্তন হয়েছে, তারা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করেন। তাদের পাশাপাশি বাদ পড়া শিক্ষার্থীরাও আবেদন করেন। আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম শেষে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এ ধাপের আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ৫ থেকে ৭ অক্টোবর। গত সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আবারও আবেদন নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে দ্বিতীয় ধাপের আবেদন করতে হবে। তবে প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তবে ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে। অন্যদিকে, দ্বিতীয় ধাপে কোনো কলেজে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিতে হবে। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা