মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীমঙ্গলে দুর্নীতিবাজদের সামাজিক বয়কটের অঙ্গীকার

সেবাখাতে শুদ্ধাচার প্রতিষ্ঠায় নাগরিকদের সোচ্চার হওয়ার তাগিদ :

শ্রীমঙ্গলে দুর্নীতিবাজদের সামাজিক বয়কটের অঙ্গীকার

শ্রীমঙ্গল থেকে শাহাব উদ্দিন আহমদ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় নির্ধারণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানানো হয় এবং অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল এ সভার আয়োজন করে। এতে সনাক, তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) শতাধিক সদস্য অংশ নেন।

সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন টিআইবির কো-অর্ডিনেটর (সিভিক এনগেজমেন্ট) মো. আতিকুর রহমান।

বক্তারা বলেন, বিভিন্ন কর্তৃপক্ষের কাছে নাগরিকদের চাহিদা তুলে ধরা এবং প্রয়োজনে চাপ সৃষ্টি করা জরুরি। সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সেবাগ্রহীতা নাগরিকদের আরও সোচ্চার হতে হবে। তাঁদের মতে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সেবার মানোন্নয়ন ও কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

আলোচনায় আরও বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি কাজী আছমা আক্তার ও এস. এ. হামিদ, সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমদ, ইয়েসের সাবেক আহ্বায়ক জিডিসন প্রধান সুছিয়াং, সনাকের শিক্ষা উপকমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এবং রহিমা বেগম। মুক্ত আলোচনায় সনাকের পক্ষে অয়ন চৌধুরী ও নিতেশ সূত্রধর এবং ইয়েসের পক্ষে সুমি আক্তার সাথী, সৈয়দ আরমান জামি, রাহুল বর্মন, সাজু রায় ও তোফাজ্জল ইসলাম অংশ নেন। এ ছাড়া ১১টি এসিজির সমন্বয়ক, সহ-সমন্বয়ক ও প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

সভা শেষে সনাক সদস্য দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান। পরে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়েস সদস্য চন্দ্রিমা গোস্বামী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা