বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সরকারি হসপিটালে দুই পরিবারের মধ্য সংঘর্ষ, নারীসহ আহত ২০ জন

সরকারি হসপিটালে দুই পরিবারের মধ্য সংঘর্ষ, নারীসহ আহত ২০ জন

নোয়াখালী থেকে ওমর ফারুক : নোয়াখালী কোম্পানীগঞ্জে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাড়ি থেকে শুরু হওয়া মারামারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ পর্যন্ত গড়ায়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— বেলাল হোসেন (৫৮), মোজাম্মেল হোসেন (৭০), মায়া বেগম (৫৫), ছিদ্দিক (৪৫), জহির (৪০), শাহীন (৩৫), তুহিন (৩৩), রোকেয়া বেগম (৩৩), আউয়াল হোসেন (২১), বিবি (৩৬), বিউটি (৩৪), মো. সাগর (২৫) ও শাহিনুর আক্তার স্বপ্নাসহ (২৫) অন্তত ২০ জন।

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, মোজাম্মেল হোসেন ও মোশাররফ হোসেনের পরিবারের সঙ্গে তাদের চাচাতো ভাই বেলাল ও ছিদ্দিকের পরিবারের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে পূর্বে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।গত কাল ২২ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জায়গায় মোশাররফের ভবন নির্মাণকে কেন্দ্র করে বেলালের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।

একপর্যায়ে লাঠির আঘাতে বেলালের স্ত্রী রোকেয়া বেগম রক্তাক্ত হলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় মোজাম্মেল হোসেন ও তার ভাইয়ের স্ত্রী মায়া বেগম গুরুতর আহত হন।

পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেও দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এতে হাসপাতালের জরুরি বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, হাসপাতাল ও বাড়ি—দুই জায়গার সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা