কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা : গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২৩টি ঘর ও ৫ টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার হরিণহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর রাতে হরিণহাটি এলাকার রাসেলের কলোনিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষ ও দোকানে ছড়িয়ে পড়ে। পরে আগুনের তীব্রতা বেড়ে পাশের আরেকটি কলোনিতেও ছড়িয়ে যায়।
এ সময় মুন্ডল মার্কেট এবং আমিনুল ইসলাম ও রাসেল আহমেদের কলোনিতে বসবাসকারী লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাননি বলে স্থানীয়রা জানান।
আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তারা ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২৩টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কলোনির মালিক রাসেল বলেন, আমার ঘর গুলো পুড়ে ছাই হয়ে গেল,ভাড়াটিয়াদের আসবাবপত্র, দোকানের মালামাল ভস্মীভূত হয়ে ব্যাপক লোকসানে পরেছি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
