সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লোডশেডিং নিয়ে সংবাদ প্রকাশের পর কুলাউড়ায় দোকান বন্ধে অভিযান

লোডশেডিং নিয়ে সংবাদ প্রকাশের পর কুলাউড়ায় দোকান বন্ধে অভিযান

কুলাউড়া মৌলভীবাজার থেকে মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল : মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে টিম জার্নালিস্ট’স কুলাউড়া-এর সংবাদকর্মীদের মাধ্যমে জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন ফেসবুক নিউজ পোর্টালে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ২১ সেপ্টেম্বর রাত ৮টা বাজার সঙ্গে সঙ্গে কুলাউড়া শহরের প্রধান সড়ক, বাজার ও বিভিন্ন বিপণিবিতানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর সব ধরনের বিপণিবিতান ও দোকানপাট বন্ধ রাখার কথা রয়েছে। তবে কুলাউড়া শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখার অভিযোগ ছিল।

সম্প্রতি কুলাউড়ার দীর্ঘ সময়ের লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট এবং এতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে টিম জার্নালিস্ট’স-এর সংবাদকর্মীরা জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন ফেসবুকভিত্তিক নিউজ পোর্টালে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন।

এসব প্রতিবেদনে বিদ্যুৎ সংকটের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিষয়টিও উঠে আসে।

এর পরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, শুধু আকস্মিক অভিযান নয়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ আরও কার্যকর হবে।

এদিকে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে প্রশাসন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা