শ্রীবরদী (শেরপুর) থেকে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের পরদিন একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
সোমবার সকালে কুড়িকাহনিয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার হাশেম মিয়ার পুকুর থেকে কালু মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বন্ধু বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত যুবক কালু মিয়া কুড়িকাহনিয়া দক্ষিণ পাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে।
আটককৃত যুবক বাদশা মিয়াও একই এলাকার কমল মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত যুবক কালু মিয়া রবিবার সকাল ১০ টার দিকে বন্ধু বাদশা মিয়ার সাথে মাছ ধরতে যায়। এদিকে সারারাত পেরিয়ে গেলেও কালু মিয়া বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সকালে নিহতের বন্ধু বাদশা মিয়াকে সাথে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাস্তার পাশে পুকুরের কিনারায় মাথার কিছু অংশ দেখতে পায় বন্ধু বাদশা মিয়া। পরে এলাকাবাসী সকাল ৭ টার দিকে ৯৯৯ এ ফোন দিলে আনুমানিক ৯ টার সময় পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায়।
তবে পরিবারের দাবি কালু মিয়াকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের বন্ধু বাদশা মিয়াকে আটকে রেখে পুলিশে দেয় এলাকাবাসী।
শ্রীবরদী থানার ওসি মো নুরল আলম বলেন, সকালে খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কালু মিয়ার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শেরপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশা মিয়া নামের একজনকে থানায় আনা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, ‘পুলিশ ঘটনাস্থলে আছে এবং তদন্ত কার্যক্রম চলছে। এটি হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে।’
