ভালুকা থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এক বিঘা জমিতে আমন ধান রোপণের এক মাস না যেতেই ধানে শীষ বের হওয়ায় ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক হাবিবুর রহমান।
কৃষক হাবিবুর রহমান জানান, তিনি এক বিঘা জমিতে আমন ধান রোপণ করেন। কিন্তু রোপণের প্রায় এক মাসের মধ্যেই ধানে শীষ বের হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে ধানের বৃদ্ধি ও ফলন না হওয়ায় তিনি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
তিনি আরও জানান, বিষয়টি উপজেলা কৃষি অফিসকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কৃষি বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী সরেজমিনে জমি পরিদর্শন করে খোঁজখবর নেননি।
কৃষকের দাবি, দ্রুত কৃষি বিভাগের কর্মকর্তারা জমিটি পরিদর্শন করে ধানের এমন অস্বাভাবিক বৃদ্ধির কারণ নির্ণয় এবং করণীয় সম্পর্কে পরামর্শ দিলে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হতে পারে।
