মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুতুবদিয়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে এমপি আলমগীর ফরিদের বেড়িবাঁধ ভাঙন এলাকা পরিদর্শন

কুতুবদিয়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে এমপি আলমগীর ফরিদের বেড়িবাঁধ ভাঙন এলাকা পরিদর্শন

কুতুবদিয়া (কক্সবাজার) থেকে এম. শহীদুল ইসলাম : কক্সবাজারের সংসদীয় আসন-২ (কুতুবদিয়া-মহেশখালী)’র সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দিনব্যাপি নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে তিনি কুতুবদিয়ায় গেলে বড়ঘোপ জেটিঘাটে সংসদ সদস্যকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কুতৃবদিয়া থানান অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক, প্রকল্প কর্মকর্তা (পিআইও) ইকবাল হাসান, কুতুবদিয়া বিএনপি’র আহবায়ক সৈয়দ আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক আজিজুর রায়হান, সদস্যসচিব এমএ সালাম কুতুবী, লেমশীখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোছাইন, আলী আকবর ডেইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার কামাল, কামরুল ইসলাম সিকদার, ইদ্রিস খোন্দকার খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম কুতুবী,সদস্য সচিব আব্দুল মান্নান সহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দুপুরে সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে দ্বীপে কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সভায় কুতু্বদিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রাখা সামগ্রীর বক্স (হাইজিন কিট) বিতরণ করা করা হয়।

পরে এমপি আলমগীর ফরিদ, বড়ঘোপ ইউনিয়নের রোমাইপাড়ার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ। ওই টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যবেক্ষণে আগামী ২৩ সেপ্টেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একটি টিম কুতুবদিয়ায় আসছেন। সে উপলক্ষে কক্সবাজার-২ (কুতুবদিয়া- মহেশখালী) আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্ধারিত পরিদর্শনস্থল পরিদর্শন করে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখেন।

এ সময় এমপি ফরিদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে। তিনি কুতুবদিয়ার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগকে দ্বীপবাসীর জীবন-জীবিকা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুতুবদিয়ার ৭১ নম্বর পোল্ডারের অন্তর্ভুক্ত এলাকায় প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শনে প্রকল্প এলাকার বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হবে।

এর আগে এমপি ফরিদ দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নের ৪শ ও কৈয়ারবিল ইউনিয়নের আড়াইশো পরিবারে সরকারী সহায়তার ১০ কেজি চাউল বিতরণ করেন। দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় এমপি আলমগীর ফরিদ কুতুবদিয়া ত্যাগ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা