ঈদগাঁও (কক্সবাজার) থেকে এইচ এন আলম : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিজ বসতঘর থেকে ছৈয়দ নুর (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকপাড়া ডান্ডিবাজার এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছৈয়দ নুর ওই এলাকার মৃত ছব্বির মাঝির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, দুপুরের পর স্থানীয় এক ব্যক্তি তাকে ফোন করে জানান, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ এবং ঘরের ভেতরে ছৈয়দ নুরের মরদেহ ঝুলছে।
খবর পেয়ে তিনি বিষয়টি ঈদগাঁও থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ছৈয়দ নুর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। পরিবারের সঙ্গে না থেকে দীর্ঘদিন ধরে তিনি আলাদা একটি ঘরে একাই বসবাস করতেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে রশিতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
