বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় জিন বিজ্ঞানী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা দুই জনকে সম্মাননা প্রদান

কুলাউড়ায় জিন বিজ্ঞানী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা দুই জনকে সম্মাননা প্রদান

কুলাউড়া মৌলভীবাজার থেকে মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল : মৌলভীবাজারের কুলাউড়ায় সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে খ্যাতিমান জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিজ্ঞান, শিক্ষা, সমাজ ও মানুষের অগ্রগতি নিয়ে বক্তব্য দেন সংবর্ধিত অতিথিরা।

ড. আবেদ চৌধুরী তাঁর বক্তব্যে সফলতার জন্য মেধার পাশাপাশি কাজের প্রতি অঙ্গীকার, অধ্যবসায় ও ত্যাগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাকসেসের মূল ব্যাপারটা হচ্ছে ত্যাগ।” বিজ্ঞানের গবেষণায় নিজের দীর্ঘদিনের কাজ ও অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।
ছাত্রজীবনের আন্দোলনের স্মৃতিচারণ করে ড. আবেদ চৌধুরী বলেন, ১৯৬৭ সালে তিনি মৌলভীবাজার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র থাকাকালে বিভিন্ন আন্দোলনে যুক্ত হন। পরবর্তী সময়ে জেরুজালেমের আন্দোলন ও সিলেটের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলনের বিষয়েও তিনি তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাওরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, হাওর এলাকায় অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য উচ্চশিক্ষায় আরও সুযোগ ও সমতা নিশ্চিত করা প্রয়োজন।

দেশের বৈষম্য ও মানুষের বিদেশমুখী হওয়ার প্রসঙ্গ তুলে ড. আবেদ চৌধুরী বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের মধ্যে আস্থাহীনতা ও বিশ্বাসের সংকট তৈরি হওয়ায় তারা যেকোনো মূল্যে বিদেশে যেতে চাইছেন। এ প্রবণতা দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বলেও তিনি উল্লেখ করেন।
অন্য সংবর্ধিত অতিথি মাহিদুর রহমান তাঁর বক্তব্যে দেশ, প্রবাসী বাংলাদেশি ও কুলাউড়ার মানুষের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর ভূমিকার প্রশংসা করেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর পরিচালক মাহফুজ আহমেদের সভাপতিত্বে এবং পত্রিকাটির সম্পাদক সঞ্জয় দেবনাথ ও সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) এহসান উদ্দিন চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম এবং সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমীন চৌধুরী, প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, কুলাউড়া টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান জাকি, সমাজসেবী জাহের আলম চৌধুরী, এম হাজির আলী, নুরুল ইসলাম খান বাবলা, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক তারেক হাসান, দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতার প্রতিনিধি রুবেল বখস পাবেল, দৈনিক জনতা কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,নাগরিক টিভির মাহফুজুর রহমান মাহি, বাংলার জাগরণ প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক আমাদের পত্রিকার সামসুউদ্দিন বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষপর্বে ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানের হাতে সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা