বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গুদামে সার মজুদে গড়মিল, শ্রীবরদীর ডিলারকে অর্থদণ্ড

গুদামে সার মজুদে গড়মিল, শ্রীবরদীর ডিলারকে অর্থদণ্ড

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সার ডিলারের গুদামে সার বিক্রির রেজিস্টারে উল্লেখিত মজুদের তথ্যের সঙ্গে গুদামে প্রকৃত মজুদের গড়মিল থাকায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার দেলোয়ার হোসেন কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

২২ শে সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার লঙ্গরপাড়া বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার দিশা এন্টারপ্রাইজের
দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

অভিযানকালে দিশা এন্টারপ্রাইজে গুদামে মজুদকৃত পণ্যের পরিমাণ সরেজমিনে যাচাই করা হয়। এ সময় রেজিস্টারে উল্লেখিত মজুদের তথ্যের সঙ্গে গুদামে প্রকৃত মজুদের গড়মিল পরিলক্ষিত হয়।

পরে অনিয়মের কারণে দিশা এন্টারপ্রাইজার স্বত্বাধিকারি দেলোয়ার হোসেন কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য মেজবাউল হক বাবু, আব্দুল্লাহ আল মামুন দুলাল সহ উপজেলা কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা