চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী মো. সাইফুদ্দিন ওরফে মো. সাইফুল ইসলাম ওরফে ‘বালু সাইফুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন অভিযোগে পটিয়া থানায় মোট ১৩টি মামলা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৫ মিনিটে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাইফুদ্দিন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহসম্পাদক এবং হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ওই নেতার বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
বালু সাইফুর বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ আগস্ট পটিয়া থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার আসামি।
একই বছরের ২০ আগস্টের আরেক মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় তাঁকে আসামি করা হয়।
এছাড়া ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের হওয়া আরেক মামলায় হত্যা চেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
পুলিশের দাবি, এসব মামলার বাইরে অপহরণ, চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে। সব মিলিয়ে পটিয়া থানায় তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, পটিয়ার চিহ্নিত এ সন্ত্রাসী একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় সাইফুদ্দিন ‘বালু সাইফুলথ নামে পরিচিত। বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে সংঘর্ষ, মারামারি, চাঁদাবাজি, অপহরণ ও মাদকসংক্রান্ত অভিযোগে মামলা হয়েছে। বুধবার এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
