মো.নূর আলম ভূইয়া : রাজধানীর কাফরুলে ১৭ বছর বয়সী কলেজ ছাত্র মোঃ রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। এ ঘটনায় মোঃ আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকার (২৪) নামের প্রধান আসামী গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুক্তিপণ দাবিতে ব্যবহৃত দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের ব্যবহারকারী হিসেবে মামুনকে শনাক্ত করার পরে ৫ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শুক্রাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে মামুনকে গ্রেফতার করা হয়। বুধবার (৭-অক্টোবর) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উ-পুলিশ কমিশনার ( মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কাফরুল থানা সূত্রে জানা যায়, রাকিব পূর্ব শেওড়াপাড়ার একটি মেসে থাকতেন। এইচএসসি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য তিনি ফার্মগেটের একটি কোচিং সেন্টারে ভর্তি হন। গত ১৬ সেপ্টেম্বর মোবাইলে কল করে একজন তাকে বাসার বাইরে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরবর্তীতে রাকিবের পরিবারের কাছে ফোন ও অনলাইন যোগাযোগমাধ্যমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরিবারের সদস্যরা রাকিবকে জীবিত ফিরে পাওয়ার আশায় বিভিন্ন সময়ে চারটি বিকাশ ও তিনটি নগদ নম্বরে মোট ৪ লাখ টাকা প্রদান করেন। এ ঘটনায় রাকিবের বড় ভাই জহুরুল ইসলাম জীবন কাফরুল থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় মামলা দায়ের করেন। নিখোঁজ রাকিবকে উদ্ধারে তদন্ত শুরু করে কাফরুল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুক্তিপণ দাবিতে ব্যবহৃত দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের ব্যবহারকারী হিসেবে মামুনকে শনাক্ত করা হয়। পরে ৫ অক্টোবর শেরেবাংলা নগর থানাধীন শুক্রাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে মামুনকে আইনানুগ হেফাজতে নেওয়া হয়।
থানা পুলিশ আরও জানায়, ১মাস আগে অনলাইনে রাকিবের সঙ্গে তার পরিচয় হয়। গত ১৬ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপে ফোন করে রাকিবকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে ডেকে নিয়ে শুক্রাবাদে নিজের বাসায় নেয়। সেখানে মুক্তিপণের টাকা আদায়ের জন্য চাপ দেওয়ার একপর্যায়ে ধস্তাধস্তির সময় মামুন রাকিবের ঘাড় মটকে দেয়। এতে রাকিবের মৃত্যু হয় বলে আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে ডিমলা থানা পুলিশের সহায়তায় মামুনের দেখানো স্থান থেকে কার্টনে ভর্তি অবস্থায় রাকিবের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তার বড় ভাই জীবন মৃতদেহটি শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
