বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ এমপি এনামের নেতৃত্বে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল

এমপি এনামের নেতৃত্বে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল

পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সরব হয়ে ওঠে পটিয়ার রাজপথ।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।

সমাবেশে এনামুল হক এনাম বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কোনো ষড়যন্ত্র বা উসকানির মাধ্যমে সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপির নেতাকর্মীদেরও সব ধরনের উসকানি এড়িয়ে শৃঙ্খলা বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

এনাম আরও বলেন, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতার প্রশ্নে বিএনপি আপসহীন। পটিয়ার মাটিতেও কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীলতার সুযোগ দেওয়া হবে না। জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যেকোনো অপতৎপরতার প্রতিবাদ জানানো হবে।

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, একেএম জসিম উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, আলহাজ্ব ইসমাইল হোসেন, জাহেদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুর রহমান, সাবেক সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক, ক্বারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মাওলানা ইব্রাহিম, উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার রিনা, সাধারণ সম্পাদক জয়নাব বেগম।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে এনামুল হক এনামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পটিয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা দেখা যায়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়ক ও আশপাশের এলাকা। মিছিলকে ঘিরে পটিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

কর্মসূচিতে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও এতে যোগ দেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো কর্মসূচি অনেকটা বড় রাজনৈতিক শোডাউনের রূপ নেয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হওয়ার পর নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা