কুতুবদিয়া (কক্সবাজার) এম. শহীদুল ইসলাম : কক্সবাজারের দ্বীপ উপজেলার একমাত্র সরকারি কলেজ কুতুবদিয়া কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্নন হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকালে কুতুবদিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠিত হয়। ওই কলেজের শিক্ষক মো. নাজের হোছাইনের সভাপতিত্বে ও প্রভাষক এইচ. এম. ইশতেহাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া (বিসিএস শিক্ষা)। আরও উপস্থিত ছিলেন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগম, প্রভাষক সমীর কান্তি দাশ, প্রভাষক মো. মিজানুর রহমান, প্রদর্শক মোহাম্মদ শওকতুল ইসলাম, প্রভাষক হামিদ হোছাইন প্রমূখ।
প্রধান অতিথি অধ্যক্ষ তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে উপদেশ, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করেন। নতুন শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রমে উপস্থিতি, দায়িত্ব, শৃঙ্খলা ও ভবিষ্যতে স্বপ্ন পূরণের লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। অধ্যক্ষ অরুন বিকাশ নবীন ছাত্র-ছাত্রীদের সুন্দর ও মানবিক জীবন গঠনের আহবান জানান।
উপস্থিত শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উৎসাহ দেন। নবীনদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও সমাজের সেবক হয়ে ওঠার আহ্বান জানান। তাদের নতুন যাত্রার সূচনাকে আরও গতিশীল করতে প্রত্যেক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় একঝাঁক নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজের পরিবেশ প্রাণবন্ত ও মুখরিত হয়ে ওঠে।
