শালিখা (মাগুরা) থেকে ইয়াছিন মোল্যা : মাগুরার শালিখায় খেলার মাঠের দাবিতে মানববন্ধন করেছেন ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও স্থানীয় গ্রামবাসী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসার সামনে যশোর-মাগুরা মহাসড়কের পাশেএ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও গ্রামবাসীরা বলেন, এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর ও শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তারা আরও বলেন, একটি খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়; এটি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দ্রুত একটি খেলার মাঠের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
