মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলায় পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, রোববার (২০ সেপ্টেম্বর ) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার দরুন এলাকার পরিত্যক্ত একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নিহত সোরমান রেজা (৩৮) উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
পরিবার জানান, আমার ভাই ব্যবসা করার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হন। কীভাবে কী হলো কিছু বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। নিহতের ভাই হালিম রেজা আরও বলেন,সোরমান বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।
টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, দুপুর আনুমানিক দেড়টার দিকে পরিত্যক্ত পেট্রোল পাম্পে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
