বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

উত্তরায় ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা:

ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর তুরাগে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ রিত্তিক হাসান (২১) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তুরাগ থানা পুলিশের একটি টিম ধউর বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ইউনিভার্সিটির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর ব্রিজের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সমবেত হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিল—এমন অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

মামলাটির তদন্ত চলাকালে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রিত্তিক হাসানের সম্পৃক্ততা নিশ্চিত করে পুলিশ। পরবর্তীতে অবস্থান চিহ্নিত করে ধউর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিত্তিক হাসানকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা