আমতলী (বরগুনা) থেকে এসএম সুমন রশিদ : বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টার দিকে আমতলী থানাধীন ৬ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পিএসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মহিষডাঙ্গা গ্রামের মিনারা বেগমের বসতঘরের পশ্চিম পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবদুর রহিম হাওলাদার (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে।
অভিযানে তার সহযোগী হিসেবে মিজানুর রহমান (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মহিষডাঙ্গা গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
