খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেন : খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৭৭৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদানের আর্থিক মঞ্জুরি দেওয়া হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়িতে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং সদর উপজেলার ১০ জন নারীর মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে খাগড়াছড়ির ৯টি উপজেলায় ৯০ জন নারীর মাঝে মোট ৯০টি সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। পাহাড়ের শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য সরকারের পক্ষ থেকে শিক্ষা সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
