বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান :

৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

মুরাদনগর (কুমিল্লা) থেকে মো. রাসেল মিয়া : কুমিল্লার মুরাদনগরে ওজনে কারচুপি, মূল্যতালিকা না টাঙানো ও নকল পণ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোম্পানিগঞ্জ বাজারের মিষ্টির দোকান, কাঁচাবাজার, মুদি দোকান, ডিলার এবং বিরিয়ানি-কাচ্চিসহ বিভিন্ন উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মিষ্টির ওজনে কারচুপি, প্যাকেটজাত মিষ্টির ওজনে অসঙ্গতি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নকল ওটস ও ডিটারজেন্ট বিক্রির মতো অনিয়ম শনাক্ত হয়।

পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় আশা মিষ্টি ঘরকে ১০ হাজার, শ্রী লক্ষীভান্ডারকে ৭ হাজার, মাতৃভান্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার এবং ইভা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, কোম্পানিগঞ্জ মার্কেট কমিটি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত এবং ভেজাল ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা