প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম চট্টগ্রামে মাদরাসা থেকে বেরিয়ে ৩ দিন ধরে নিখোঁজ শিক্ষার্থী

চট্টগ্রামে মাদরাসা থেকে বেরিয়ে ৩ দিন ধরে নিখোঁজ শিক্ষার্থী

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর শোলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদরাসা থেকে সেকেন্দর হোসেন মিসবাহ (১৫) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিসবাহর বাবা মো. বশির আহমেদ পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, মাদরাসা থেকে বের হওয়ার পর পরিবারের সঙ্গে মিসবাহর আর কোনো যোগাযোগ হয়নি। মাদরাসার শিক্ষক ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেছেন। তবে তিন দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।

মিসবাহর বাবা বশির আহমেদ বলেন, আমার ছেলে হঠাৎ মাদরাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পরে থানায় জিডি করেছি। পুলিশ খোঁজ নেওয়ার কথা জানিয়েছে। এখনো কোনো সন্ধান পাইনি। আমরা খুবই চিন্তায় আছি। পরিবারের পক্ষ থেকে মিসবাহর সন্ধান পেলে ০১৮২১-৫৩১৩৬৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ বলা যাচ্ছে না। তার সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা