নোয়াখালী থেকে রাশেদুল ইসলাম : নোয়াখালীর সুবর্ণচরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন আনসার ও ভিডিপির শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়।

সুবর্ণচরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের ডেসটিনি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় এছাক মুন্সির হাটে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা। এছাড়া ডেসটিনি কলেজের প্রিন্সিপাল কেশব চন্দ্র দেবনাথ, মোহাম্মদপুর ইউনিয়ন আনসার-ভিডিপি ইউনিয়ন দলনেতা মোঃমাসুদ উদ্দিন, ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেত্রী মনোয়ারা বেগম ইউথ লিডারশীপ মো. ইরফান উদ্দীন মাহমুদ মাহেবীসহ আনসার-ভিডিপির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
