চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী : ২০ সেপ্টেম্বর রবিবার সারাদিনব্যাপি চট্টগ্রামের কল্পলোক আবাসিকস্থ তারতীলুল কুরআন জমিরয়া মাদ্রাসায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ২০২৬ সালের “সেরাদের সেরা” নগদ অর্থ পুরস্কার প্রদান অনুষ্ঠান দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক। সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান। সঞ্চালনা করেন সেক্রেটারি কারী মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কারী মাওলানা হাফেজ ইয়াছিন আরাফাত এবং সাধারণ সম্পাদক হাফেজ কারী মাওলানা ওমর ফারুক সন্দ্বীপী। এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আজম উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল করিম, কারী মাওলানা আতিক হোসাইনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও আলেম-উলামায়ে কেরাম।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, দেশের কিছু অসাধু ব্যক্তির অপকর্মের কারণে হিফজ মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তিনি সকল প্রাইভেট হিফজ মাদ্রাসার পরিচালক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে তা গোপন না করে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সেক্রেটারি কারী মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী বলেন, ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষার্থীদের ধাপে ধাপে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাফল্যের পথ সুগম করতে কাজ করে যাচ্ছে। তিনি সকল শিক্ষার্থীর জন্য দোয়া কামনা করেন।
পরিশেষে প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন। পরে দেশ
ও জাতি, মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
