বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ বিশ্ব জাতিসংঘে ইরানের প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্পের বৈঠক ‘খুব ভালো’ হয়েছে

জাতিসংঘে ইরানের প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্পের বৈঠক ‘খুব ভালো’ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের তিন ঘণ্টার বৈঠক ‘খুব ভালো’ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে আরেকটি বৈঠক হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও নিউইয়র্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা বৈঠকে বসেছেন। পরে তিনি বলেন, ‘খুব ভালো’ আলোচনা হয়েছে।

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল সবচেয়ে বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

সংকটের স্থায়ী সমাধান হিসেবে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন কাতারের আমির। তিনি চলমান উত্তেজনা নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, অদূর ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে আরও একটি বৈঠক হতে পারে। তবে পরবর্তী বৈঠকের সুনির্দিষ্ট সময় বা আলোচনার বিস্তারিত এখনো জানানো হয়নি।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা