বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ উখিয়ায় ৩ কোটি ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

উখিয়ায় ৩ কোটি ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার সময় বিজিবির ওপর গুলি চালায়। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও সেখানে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

বিজিবি অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা