প্রচ্ছদ সারাদেশঢাকা আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারে প্রীতি গ্রুপের সহায়তা

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারে প্রীতি গ্রুপের সহায়তা

আশুলিয়া থেকে জাহাঙ্গীর আলম রাজু : আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের নির্ধারিত পার্কিংয়ে কাভার্ড ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে তিন লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা তুলে দেওয়া হয়। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সহ-সভাপতি রেজওয়ান সেলিম এ অর্থ সহায়তা প্রদান করেন।

নগদ সহায়তা পাওয়া নিহতরা হলেন-কাপড় ব্যবসায়ী জয়নব বেগম,সবজি বিক্রেতা নজরুল ইসলাম, কাভার্ড ভ্যানের চালক শামছুল আলম এবং হেলপার মানিক।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর হেড অব ক্রাইসিস মনসুর খালেদ, আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রীতি গ্রুপের অ্যাডমিন ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মহিউদ্দিন, প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জিএম কামরুল ইসলাম, প্রশাসনের জিএম কর্নেল (অব.) আরমান, মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাজহারুল ইসলামসহ শ্রমিক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য,গত ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন নিহত হন। নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা