মোঃ মনজুর মোল্লা, ঢাকা : রাজধানীর গুরুত্বপূর্ণ উত্তরা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় জমি রেজিস্ট্রি ও সংশ্লিষ্ট দাপ্তরিক কাজে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ সেবাগ্রহীতারা। জরুরি এ সংকট নিরসনে দ্রুত সাব-রেজিস্ট্রার নিয়োগের জন্য আইন মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনগণ।
স্থানীয় সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিন উত্তরা সাব-রেজিস্ট্রি অফিসে বিপুলসংখ্যক জমি ক্রয়-বিক্রয়, দলিল সম্পাদন এবং প্রশাসনিক নানা দাপ্তরিক কাজ সম্পন্ন করতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। তবে পদটি শূন্য থাকা কিংবা নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকার কারণে দিনের পর দিন ফাইল আটকে থাকছে। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন সাধারণ জনগণ।
ভুক্তভোগীদের অভিযোগ, সাব-রেজিস্ট্রার না থাকায় ছোটখাটো কাজের জন্য শত শত মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বারবার ঘুরেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। ফলে প্রতিনিয়ত আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ ও দলিল লেখকরা।
এ বিষয়ে স্থানীয় অধিবাসীরা জানান, ঢাকার অন্যতম ব্যস্ত এই সাব-রেজিস্ট্রি অফিসে এমন স্থবিরতা কোনোভাবেই কাম্য নয়। সাধারণ মানুষের এই দুর্ভোগ দূর করতে দ্রুত উত্তরা সাব-রেজিস্ট্রি অফিসে একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়ার জন্য মাননীয় আইনমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তারা
