মোঃ মনজুর মোল্লা : রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—বাংলাদেশ রেলওয়ের কমলাপুর শাখার ইলেকট্রিশিয়ান ও শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন রায়হান (৩২) এবং একই এলাকার যুবলীগ কর্মী মোঃ সাইমুন (২৩)।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মাঠে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, সোর্সের দেওয়া তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হামলার পেছনে থাকা আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। অপরাধীদের সম্পূর্ণ চক্রটিকে গ্রেফতার করতে শাহজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
