মোঃ মনজুর মোল্লা : রাজধানীর হাইকোর্ট মোড়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় সরাসরি জড়িত মোঃ সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃত সাকিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চম্পট দেয়। ঘটনার পর জড়িতদের শনাক্তে মাঠে নামে ডিবি রমনা বিভাগের একটি চৌকস দল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সার্বিক বিশ্লেষণ শেষে গত রবিবার (২০ সেপ্টেম্বর) মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে সালমান ইসলাম সাকিবকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বেড়িবাঁধ এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আরও ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃত সাকিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্ফোরণের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাশকতার এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা রমনা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে
