মোঃ মনজুর মোল্লা , ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচের গলিতে একটি পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে ভেতরে ককটেলগুলোর সন্ধান পায়।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ককটেলগুলো উদ্ধার করে।
পরবর্তীতে ওই রাতেই (রাত ১০টা ২৫ মিনিটে) যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে যথাযথ নিরাপত্তাবেষ্টনী ও নিয়ম-নীতি অনুসরণ করে বোম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষ সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের প্রয়োজনীয় আইনগত তৎপরতা ও তদন্ত জোরদার করা হয়েছে
