সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারে আগুন : কারখানা কর্তৃপক্ষের জরুরি বিবৃতি

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারে আগুন : কারখানা কর্তৃপক্ষের জরুরি বিবৃতি

আশুলিয়া থেকে জাহাঙ্গীর আলম রাজু : আশুলিয়ায় প্রীতি কম্পোজিং লিমিটেডের কারখানার সম্মুখভাগে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানসহ কয়েকটি যানবাহন ও বহিরাগত সামগ্রীতে অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বিবৃতি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান প্রীতি কম্পোজিং লিমিটেডের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জেনারেল ম্যানেজার (জিএম) ইসলাম।

বিবৃতিতে বলা হয়, রোববার সন্ধ্যায় কারখানার মূল প্রাঙ্গণ ও উৎপাদন স্থাপনা থেকে সম্পূর্ণ পৃথক, কারখানার সম্মুখভাগে অবস্থিত এফএনএফ ইউটিলিটি বিল্ডিং-সংলগ্ন এলাকায় অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষের জরুরি বিবৃতি

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইরের ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ট্রান্সফরমারে সৃষ্ট স্পার্ক সংলগ্ন এলপিজি সঞ্চালন ব্যবস্থাকে প্রভাবিত করলে আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন ওই এলাকায় অবস্থানরত কয়েকটি লোডেড কার্গো ও পরিবহনের অপেক্ষায় থাকা কিছু বহিরাগত সামগ্রীতে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং কারখানার অভ্যন্তরীণ অগ্নিনির্বাপন ব্যবস্থার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলটি কারখানার মূল ভবন ও উৎপাদন স্থাপনা থেকে প্রায় ৫০০ ফুট দূরে হওয়ায় মূল ভবন, উৎপাদন কার্যক্রম, রপ্তানি পণ্য ও যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় পরিবহন কার্যক্রমে নিয়োজিত কয়েকজন বহিরাগত শ্রমিক হতাহত হয়েছেন। তবে প্রীতি কম্পোজিং লিমিটেডের কোনো শ্রমিক বা কর্মচারী এ ঘটনায় হতাহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসক ও উদ্ধারকাজে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি গুজব বা যাচাই না করা তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে পরবর্তী যাচাইকৃত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা